শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম  (ভিজিট : ১২)

দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার এবং ক্যান্সার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসারে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করে।
আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে এম এ মুহিত বলেন, বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি টেকনিকের ব্যবহার বড় পরিবর্তন আনছে। আগামী দিনের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে সরকার জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।

পাশাপাশি ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যান্সারের অ্যাডভান্সড পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। যত দেরিতে রোগ শনাক্ত হয়, জটিলতা ও শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তত বাড়ে।

অথচ ক্যান্সার এখন আর মরণব্যাধি নয়, বিশেষ করে স্তন ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার খুবই কম এবং রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।
তিনি আরো বলেন, স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে আমাদের ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট বয়সী নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের ঝুঁকি বা লক্ষণ একদম শুরুর পর্যায়েই ধরা সম্ভব।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]