শৈশব ও কৈশোরে কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতেন না বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। স্কুল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক পরিসরে নিজেকে বিচ্ছিন্ন মনে হতো তার।
তবে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে পরিচয় তাকে নতুন করে নিজের জায়গা খুঁজে পেতে সাহায্য করেছে।
দীর্ঘ ২১ বছর ধরে ডায়াবেটিসের সঙ্গে জীবন কাটাচ্ছেন নিক। ১৩ বছর বয়সে এই রোগে আক্রান্ত হন তিনি। বর্তমানে ৩৪ বছর বয়সী এই সংগীতশিল্পী জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে প্রকাশিত এক খোলা চিঠিতে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেছেন।
চিঠিতে ডায়াবেটিসকে ‘পুরনো বন্ধু’ বলে সংবোধন করেছেন নিক। তিনি লিখেছেন, ‘হ্যালো, পুরনো বন্ধু। আমাদের পরিচয়ের কত বছর হলো? ২১ বছর। ২১ বছর পরও তোমার কোনো পরিবর্তন নেই।’
রোগটির সঙ্গে প্রতিদিনের যোগাযোগের কথাও তুলে ধরেন তিনি। রক্তে গ্লুকোজের মাত্রা দেখতে বারবার ফোনের দিকে তাকানো কিংবা খাবার খাওয়ার আগে ইনসুলিন নেওয়ার মতো বিষয়গুলো তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তার মতে, এসব ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়েই ডায়াবেটিসের সঙ্গে প্রতিদিনের সম্পর্ক তৈরি হয়। শরীর, মন ও প্রযুক্তির মধ্যে চলতে থাকে এক ধরনের নিয়মিত যোগাযোগ।
নিক জানান, ডায়াবেটিসের অনিশ্চয়তা তার জীবনযাপনের ধরন বদলে দিয়েছে।
আগে নিজের জীবনকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রণে রাখার ধারণা ছিল তার। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা ভেঙে গেছে। এই অভিজ্ঞতা থেকে কিছু শেখার জন্য তিনি কৃতজ্ঞ হলেও রোগটির প্রতি ক্ষোভও রয়েছে তার।
চিঠিতে তিনি বলেন, ‘আমার একাংশ এই শিক্ষা পাওয়ার জন্য কৃতজ্ঞ। অন্য অংশ তোমার ওপর ক্ষুব্ধ। এমন দিনও আসে, যখন ভাবি, তোমাকে ছাড়া জীবনটা কেমন হতো।’
ডায়াবেটিসেই খুঁজে পেয়েছেন নিজের মানুষ
শৈশব ও কৈশোরে নিজেকে অনেকটা বিচ্ছিন্ন মনে হতো বলে জানিয়েছেন নিক। তার ভাষায়, ‘আমি সব সময়ই কোথাও নিজেকে মানিয়ে নিতে বা নিজের জায়গা খুঁজে পেতে সংগ্রাম করেছি। স্কুলে নিজেকে ভুল বোঝা একজন মানুষ মনে হতো। অন্য অনেক জায়গাতেও একই অনুভূতি ছিল। শৈশব ও কৈশোরজুড়েই বিষয়টি এমন ছিল।’
তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রকাশ্যে কথা বলা এবং একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে পরিচয়ের পর সেই পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রথমবারের মতো কোনো একটি সম্প্রদায়ের অংশ হওয়ার অনুভূতি পান তিনি।
নিজের অভিজ্ঞতা প্রকাশের পেছনের উদ্দেশ্যও জানিয়েছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, ১৩ বছর বয়সে যেসব শিশু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভয়ে থাকে, তাদের জন্যই নিজের গল্প তুলে ধরেন তিনি।
নিকের ভাষায়, ‘আমি আমার গল্প বলি সেই ১৩ বছর বয়সী শিশুটির জন্য, যে নতুন করে রোগ নির্ণয়ের পর হাসপাতালের বিছানায় শুয়ে ভয়ে কাঁপছে। আমি চাই, সে যেন এমন কাউকে দেখতে পায়, যে প্রতিদিন এই পরিস্থিতি সামলেও নিজের স্বপ্নের জীবন গড়ে তুলছে।’
জোনাস ব্রাদার্সের সদস্য হিসেবে পরিচিত নিক জোনাস সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে সচেতনতা তৈরির কাজও করছেন। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে একই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহস জোগাতে চান তিনি।