শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রয়োজন হলে নিউমোনিয়ার টিকা আরও আমদানি করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম  (ভিজিট : ১১)
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। প্রয়োজন হলে সরকার আরও টিকা আমদানি করতে প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় চিকিৎসক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত সুপারিশ দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সরাসরি সহযোগিতাও নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এ সিদ্দিকী। আলোচনা সভায় সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

শিশুদের প্রতিরোধযোগ্য রোগের কারণ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পরিবারে স্বাস্থ্যসচেতনতার অভাব নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের অন্যতম কারণ। হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিশু ওয়ার্ডগুলোতে অতিরিক্ত রোগীর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কোথাও কোথাও একটি শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া অন্য নারীর শিশুকে বুকের দুধ খাওয়ানোর কিছু ঘটনা দেখেছেন জানিয়ে এ ধরনের অভ্যাসের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করেন মন্ত্রী। তাঁর মতে, পারিবারিক জটিলতা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতার ঘাটতির কারণে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকে বঞ্চিত হচ্ছে।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সারা দেশে প্রায় ২৫ হাজার পরিবারকল্যাণ পরিদর্শককে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব কর্মী মায়েদের নিরাপদ বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি, শিশুর পুষ্টি এবং ঘরের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করবেন।

মা ও শিশুর স্বাস্থ্যসেবার পাশাপাশি এসব কর্মীকে বহনযোগ্য স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা প্রাথমিকভাবে নারীদের স্তন পরীক্ষা করতে পারবেন।

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হুসাইন বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের সফল স্বাস্থ্যসেবা মডেল অনুসরণ করে বাংলাদেশে স্তন ও জরায়ুমুখ ক্যানসার দ্রুত শনাক্তের উন্নত ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব হলে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা যাবে। এতে তাঁদের সুস্থ হওয়ার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]