বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিট : ১০)
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, কৃষির উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কপ-৩১-এর আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের প্রশংসা করেন। এবারের সম্মেলনে আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা প্রক্রিয়ায় যৌথ সভাপতির দায়িত্ব পালন করছে দেশটি।

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে নানা সুযোগ রয়েছে। এ সময় দুই নেতা কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এর স্থায়ী সমাধানও সেখানেই নিহিত।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যেও এসব উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ওই বক্তব্যে তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আরও বেশি জলবায়ু অর্থায়ন, ঋণ সুবিধা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

বৈঠকে দুই প্রধানমন্ত্রী একে অপরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান। অ্যান্থনি আলবানিজ সুবিধাজনক সময়ে আগামী বছর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে তারেক রহমানও অস্ট্রেলিয়া সফরের আগ্রহ জানান।

এর আগে কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনটি ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের ফাঁকে এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওইয়েভের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]