বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম  (ভিজিট : ০)
বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে সরকারের বিমান চলাচল অবকাঠামো উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহে দিনব্যাপী সফরে তিনটি পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, দেশের আকাশপথে যোগাযোগব্যবস্থা উন্নত করতে আটটি বিমানবন্দর চালুর জন্য সরকার অগ্রাধিকারভিত্তিক তালিকা তৈরি করেছে। এর মধ্যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রকল্পে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।

ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, একটি বিমানবন্দর নির্মাণে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময় লাগে। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রশাসনিক ও প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন বিষয় বিবেচনায় আপাতত বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরই সরকারের প্রথম অগ্রাধিকার।

সভায় ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

পরে ময়মনসিংহ টাউন হলে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

টেকসই গ্রামীণ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বৃক্ষরোপণ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবার এবং স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে শিক্ষার সুযোগের বিষয়টি উল্লেখ করেন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পড়াশোনার সঙ্গে খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের হাতে পদক তুলে দেন মন্ত্রী।

এর আগে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিভিন্ন অর্থবছরে সম্পন্ন ও চলমান উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দের চেক বিতরণ করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে এবং এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করছে। উন্নয়ন প্রকল্পের চেক বিতরণকে জবাবদিহির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

এ সময় ক্ষমতাচ্যুত সরকারের ফিরে আসা নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]