দেশজুড়ে প্রযুক্তির আড়ালে বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া ও বেটিং অপরাধী জগতের নেটওয়ার্ক। আকর্ষণীয় বেতন, উচ্চ কমিশন, চাকরি ও আর্থিক সহযোগিতার প্রলোভন দেখিয়ে বেকার তরুণদের এ চক্রে নিয়োগের অভিযোগ উঠেছে। প্রযুক্তিতে দক্ষ ও উচ্চশিক্ষিত তরুণদেরও বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহার করা হচ্ছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, এসব চক্রের নিয়োগপ্রক্রিয়া শুরু হয় বন্ধুত্ব, পরিচিতি কিংবা চাকরির প্রস্তাবের মাধ্যমে। প্রথমে ডাটা এন্ট্রি, গ্রাহকসেবা ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো স্বাভাবিক কাজ দেওয়া হয়। পরে ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), সিমকার্ড ও ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে অর্থ লেনদেনের কাজে যুক্ত করার অভিযোগ রয়েছে।
প্রলোভন থেকে নিয়ন্ত্রণ, এরপর ব্ল্যাকমেইল: নতুন সদস্যদের আকৃষ্ট করতে দামি মোবাইল ফোন, ডিভাইস, অগ্রিম অর্থ ও আকর্ষণীয় কমিশনের প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে বেতন আটকে রাখা, আর্থিক সহযোগিতাকে ঋণ হিসেবে দেখানো, ব্যক্তিগত তথ্য দিয়ে ব্ল্যাকমেইল এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
এ ক্ষেত্রে কেউ সচেতনভাবে অপরাধে সহযোগিতা করছেন, আবার কেউ প্রতারণা ও হুমকির শিকার হয়ে চক্রের ফাঁদে আটকে পড়ছেন কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
৯Wickets ঘিরে ৯৭ জনের নামের তালিকা: চলমান অনুসন্ধানে 9Wickets.site-সংশ্লিষ্ট বিভিন্ন ডোমেইন ও এজেন্ট নেটওয়ার্ক নিয়ে সংগৃহীত তথ্য-উপাত্তে ৯৭ জনকে এজেন্ট ও সুপার এজেন্ট হিসেবে চিহ্নিত করার একটি তালিকা পাওয়া গেছে। তালিকায় থাকা ব্যক্তিদের পরিচয়, দায়িত্ব, আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট গোয়েন্দা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের অনুলিপি ও নামের তালিকা প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
মূল নিয়ন্ত্রক ও অর্থদাতা কারা?
অনুসন্ধানে ওয়েবসাইটের প্রকৃত মালিকানা, এডমিন, সুপার এজেন্ট, কমিশন কাঠামো, ব্যাংক ও এমএফএস লেনদেন এবং দেশি-বিদেশি অর্থ স্থানান্তরের যোগসূত্র খতিয়ে দেখার দাবি উঠেছে। শুধু তালিকায় নাম থাকা অপরাধের প্রমাণ নয়; প্রত্যেকের ভূমিকা ও সংশ্লিষ্টতা নিরপেক্ষ তদন্তে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।
বাংলাদেশে অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে শাস্তির বিধান রয়েছে। তাই অপরাধের নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থদাতা ও সচেতন সহযোগীদের শনাক্ত করার পাশাপাশি প্রতারণা ও জবরদস্তির শিকার তরুণদেরও চিহ্নিত করা জরুরি।
প্রশ্ন এখন একটাই- চাকরির প্রলোভনে অপরাধের জগতে প্রবেশ করা তরুণেরা সবাই কি অপরাধী, নাকি তাদের কেউ কেউ নিজেরাও অপরাধী চক্রের শিকার? আর এই অন্ধকার সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রক ও অর্থদাতারা কারা?