প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম
(ভিজিট : ২১)
বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলের সঙ্গে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন দেশের পাঁচ তরুণ জলবায়ু আলোচক। বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অগ্রাধিকার, স্বার্থ ও জলবায়ু সংকট মোকাবিলায় দেশের অবস্থান তুলে ধরতে তাঁরা বিভিন্ন আলোচনার ধারায় কাজ করবেন।
তরুণদের এ দলে রয়েছেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ এবং সংস্থাটির ইয়ুথ ক্লাইমেট নেগোসিয়েটরস ফেলোশিপের চার ফেলো সামিয়া মেহজাবিন স্নেহা, তাহমিদ জারিফ, কাশফিয়া কাসওয়ার চৌধুরী ও শাবিল আহমেদ। ইয়ুথ ফর এনডিসি ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ফেলোশিপের আওতায় তাঁরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনে আমানুল্লাহ পরাগ বৈশ্বিক মজুত মূল্যায়ন (গ্লোবাল স্টকটেক বা জিএসটি), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়ন এবং ইউটিএম ট্র্যাক নিয়ে কাজ করবেন। তাহমিদ জারিফের দায়িত্বে থাকবে জলবায়ু অর্থায়নবিষয়ক আলোচনা। সামিয়া মেহজাবিন স্নেহা কাজ করবেন অভিযোজন বা অ্যাডাপটেশন নিয়ে। শাবিল আহমেদ যুক্ত থাকবেন ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিল (ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ) নিয়ে আলোচনায়। আর কাশফিয়া কাসওয়ার চৌধুরী কাজ করবেন জলবায়ু প্রশমন বা মিটিগেশন বিষয়ে।
নিজ নিজ আলোচনার ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রতিনিধিরা বৈশ্বিক জলবায়ু সংলাপে বাংলাদেশের অগ্রাধিকার ও অভিজ্ঞতা তুলে ধরতে চান। একই সঙ্গে দেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর সিদ্ধান্ত ও বাস্তবায়নযোগ্য উদ্যোগের পক্ষে মতামত তুলে ধরার লক্ষ্য রয়েছে তাঁদের।
সম্মেলনের আলোচনা ও নীতিনির্ধারণী সংলাপে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর সুপারিশ তৈরির সুযোগ পাবেন তাঁরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জলবায়ু চ্যালেঞ্জ ও প্রত্যাশাগুলো আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যাশা করা হচ্ছে।