প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ পিএম
(ভিজিট : ২১)
বিএনএস গ্রুপ অব কোম্পানিজের অফিস সেক্রেটারি জুয়েল বাবু (৩৮) ও ফাইন্যান্স অফিসার মোহাম্মদ নাঈমের (৩৬) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁরা অফিসে না এসে পলাতক রয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযুক্ত দুজনকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনএস গ্রুপ।
অফিস সূত্রে জানা যায়, বিএনএস গ্রুপ অব কোম্পানিজের অফিস সেক্রেটারি জুয়েল বাবু ও ফাইন্যান্স অফিসার মোহাম্মদ নাঈম গত ৫ অক্টোবর কোম্পানির ভাড়াটিয়া খান মনিরুল মনি সাহেবের কাছ থেকে মানি রসিদের মাধ্যমে বকেয়া ভাড়া বাবদ নগদ ১০ লাখ টাকা এবং বংশালের ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মিলনের কাছ থেকে কারখানার মালামাল—ফ্লোর ম্যাট বিক্রির নগদ ১০ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু জুয়েল বাবু ও নাঈম ওই টাকা অফিসের তহবিলে জমা না দিয়ে অনুপস্থিত ও পলাতক রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া কোম্পানির কারখানার ভাড়াটিয়া শাহ সুলতানের সঙ্গে করা ১০ বছর মেয়াদি চুক্তিপত্রে কাটাছেঁড়া করে তিন মাসের ভাড়া বাবদ ৩৬ লাখ টাকা কমিয়ে দেওয়ার বিনিময়ে জুয়েল ও নাঈম ১০ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে শাহ সুলতানের কাছে পাওনা ৫ লাখ ২৪ হাজার টাকার মধ্যে ৩ লাখ টাকা দাবি করেন তাঁরা। এ বিষয়ে একটি অঙ্গীকারনামা স্ট্যাম্পে স্বজ্ঞানে, স্বেচ্ছায় ও সশরীরে উপস্থিত হয়ে বিএনএস সেন্টারের ইনচার্জ আহমদ উল্লাহ দিয়েছেন, যা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এ ছাড়া অভিযুক্ত দুজন গত কয়েক দিন ধরে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নিয়েছেন বলে কোম্পানির কাছে তথ্য রয়েছে।
অর্থ আত্মসাতের অভিযোগে পলাতক দুই কর্মচারী জুয়েল বাবু ও মোহাম্মদ নাঈমের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছে বিএনএস গ্রুপ কর্তৃপক্ষ।
একই সঙ্গে তাঁদের কোনো তথ্য, হদিস বা সন্ধান পাওয়া গেলে বিএনএস গ্রুপকে জানানোর অনুরোধ করেছে কর্তৃপক্ষ। তাঁদের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বিএনএস গ্রুপ।