প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম
(ভিজিট : ১২)

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নারিতা-ঢাকা ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। ২৯ অক্টোবর জাপান থেকে ঢাকাগামী ফ্লাইটটির যাত্রায় বিলম্বের কারণ অনুসন্ধানে চার সদস্যের এ কমিটি করা হয়েছে।
শুক্রবার জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩৭৭ ফ্লাইটটির উড্ডয়নের আগে কারিগরি ত্রুটিটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।
বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইনবিষয়ক বিভাগের ব্যবস্থাপক। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট সেফটি বিভাগের উপপ্রধান।
তদন্ত কমিটি কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান করবে। একই সঙ্গে ত্রুটি শনাক্ত ও সমাধানে নেওয়া কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপগুলো পর্যালোচনা করবে। মেরামতের পর উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী ছিল কি না, সেটিও যাচাই করবে কমিটি।
এ ছাড়া ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ওপর কী প্রভাব পড়েছে, বিমানের অতিরিক্ত পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং প্রতিষ্ঠানের সুনামের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
ঘটনার পেছনে দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণে কোনো ব্যর্থতা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। তদন্তের প্রয়োজনে বিমানের অন্য কর্মকর্তাদেরও কমিটির কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।