প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম
(ভিজিট : ১৬)

পার্বত্য জেলাগুলোতে সুষম উন্নয়ন নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বান্দরবানকে বেকারত্বমুক্ত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সা চিং প্রু।
একই সঙ্গে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে, বিশেষ করে বান্দরবানে মাদকের বিস্তার রোধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আয়োজিত শোভাযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি তথ্য বিবরণী সংস্থা পিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সা চিং প্রু বলেন, মাদকাসক্তি এখন জাতীয় পর্যায়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামেও এর প্রভাব ক্রমেই বাড়ছে। কক্সবাজারকে মাদক পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচনা করা হলেও নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচিসহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানেও মাদকের ক্ষতিকর প্রভাব পড়ছে।
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, বান্দরবানে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মত ও অবস্থান নির্বিশেষে সব পক্ষের মানুষকে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। জেলার বেকারত্ব দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী। এ সময় জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।