শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: শাহে আলম
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম  (ভিজিট : ৩)

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের নেতারা উপস্থিত না হওয়ায় সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাক্ষণ কথা বলেন, তারা আমন্ত্রণ পাওয়ার পরও অনুষ্ঠানে না গিয়ে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, গত ১৯ অক্টোবর রাজধানীর ওসমানী উদ্যানে সরকারের উদ্যোগে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের দাওয়াতপত্র পাঠানো হয়েছিল। পাশাপাশি দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টেলিফোনেও তাঁদের আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাঈদ ও শহীদ আনাসের বাবাসহ চার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ এবং দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, জুলাই আন্দোলন নিয়ে সরব থাকা বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা অনুষ্ঠানে উপস্থিত হননি। স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম রয়েছে বলেও জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে মীর শাহে আলম বলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তাঁরা অনুষ্ঠানে যাননি—এ যুক্তি সঠিক নয়। তাঁর ভাষ্য, প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম আমন্ত্রণপত্রে না থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের মঞ্চে ডেকে নেন। বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁদের প্রতিনিধিদেরও মঞ্চে আমন্ত্রণ জানানো হতো বলে দাবি করেন তিনি।

বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দল নানা সুযোগ-সুবিধা পাচ্ছে। অতীতে তাঁদের বসার জায়গাও দেওয়া হতো না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ তুলে বিরোধী দলকে এ ধরনের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান মীর শাহে আলম। তাঁর দাবি, বিএনপি কোনো বিশেষ ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীকে কেন্দ্র করে রাজনীতি করে না; বরং সব বাংলাদেশির সমর্থন নিয়ে এগিয়ে যেতে চায়।

বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ভাষা অব্যাহত থাকলে জাতীয়তাবাদী শক্তি তা মেনে নেবে না।

বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, দলের মধ্যে কারা অনিয়ম বা বিশৃঙ্খল আচরণ করছেন, তাঁদের শনাক্ত করার কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিরোধী দলকে একতরফা আন্দোলন বা লং মার্চের পরিবর্তে সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, আগামী ৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ রয়েছে এবং স্পিকারও তাঁদের যথেষ্ট সময় দেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া কিংবা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করাও সংসদীয় গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে। তবে বিরোধী দল সেখানে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। সংঘাতের পথ পরিহার করে কমিটিতে অংশ নেওয়া এবং পাঁচজন প্রতিনিধির নাম দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিং শেষে মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]