শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সাজেকে অবরোধের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা-পুলিশ সদস্যসহ আহত ৬
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিট : ১৪)
রাঙামাটির সাজেকের উজোবাজারে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে প্রায় দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য ও পুলিশের দুই সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রকিব।

পুলিশ সুপার বলেন, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে উজোবাজারে সড়ক অবরোধকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সেনাবাহিনীর তিন থেকে চারজন ও পুলিশের দুই সদস্য আহত হন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে পাল্টা গুলি চালানো হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘণ্টা উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

আব্দুর রকিব জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উজোবাজারের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে। সাজেকে অবস্থানরত সব পর্যটককে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উজোবাজারে সাজেক সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ির দিকে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথমে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি গড়ায় গোলাগুলিতে।

পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবরোধের কারণে সাজেকে আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নিতে এর আগে নিরাপত্তা বাহিনীর পাহারায় গাড়িবহর চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছিল। উজোবাজার এলাকায় অবরোধকারীদের বাধার মুখে ওই উদ্যোগ সাময়িকভাবে ব্যাহত হয়। পরে আলোচনার মাধ্যমে পর্যটকবাহী গাড়িবহর চলাচলের সুযোগ দেওয়া হয়।

এদিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন তিন দফা দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। সংগঠন দুটির দাবির মধ্যে সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি রয়েছে।

সর্বশেষ গোলাগুলির ঘটনায় সাজেকের সড়ক যোগাযোগ ও পর্যটন কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]