শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


চড়া দামে মুরগি, স্বস্তি ডিমে
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম  (ভিজিট : ৫)
রাজধানীর বাজারগুলোতে এখনো পূজার ছুটির আমেজ রয়েছে। এ জন্য ক্রেতাদের উপস্থিতিও কম।

তবে এতে দামের তারতম্য বেশ একটা দেখা যায়নি। এমন অবস্থায় চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি, তবে ডিমের বাজারে মিলছে স্বস্তি। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে, বিপরীতে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি কমেছে ১৫ থেকে ২৫ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

​মুরগির বাজারে চড়া উত্তাপ
গতকাল বৃহস্পতিবার থেকে ​বাজারে মুরগির দাম বাড়ছে। গত সপ্তাহে একটু দাম করলেই ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৭০ থেকে ১৮০ টাকা দরে কেনা যাচ্ছিল। এ মুরগি এখন সর্বনিম্ন ১৮০ টাকা থেকে শুরু করে বেশিরভাগ দোকানে প্রতিকেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা।

​মুরগির দাম বৃদ্ধির বিষয়ে রামপুরা বাজারের মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে খামার পর্যায়েই মুরগির সরবরাহ কিছুটা কম থাকায় এমন দাম বাড়তে পারে। সেই সঙ্গে পরিবহন খরচ ও পোল্ট্রি ফিডের দাম বাড়ায় আড়তদারদের বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

​স্বস্তি দিচ্ছে ডিমের দাম
​মুরগির বাজারে আগুন থাকলেও উল্টো চিত্র দেখা গেছে ডিমের দোকানে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় ডিমের দাম নিম্নমুখী।

গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের ডিম ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা কমে ১৩৫ থেকে ১৪০ টাকায় নেমেছে। যদিও, পাড়া মহল্লার দোকানে এখনো প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকা রাখা হচ্ছে, যা আগে ১৫৫ টাকা ছিল।

ডিম ব্যবসায়ী আসাদুল্লাহ বলেন, সরকারি নানা নজরদারি এবং বাজার তদারকির কারণে পাইকারি পর্যায়ে ডিমের সরবরাহ স্বাভাবিক হয়েছে। ছুটির মধ্যে ডিমের চাহিদা কম, আড়তে ডিম জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। ফলে, ডিমের দাম আগের চেয়ে কমে এসেছে এবং আগামী কয়েক দিন দাম আরো কিছুটা কমতে পারে।

অপরদিকে তাপমাত্রা খানিকটা কমার মধ্য দিয়ে ঋতু পরিবর্তনের প্রভাব টের পাওয়া গেলেও ঢাকায় এখনো গরমের রেশ রয়েছে। তবে, ঋতু পরিবর্তনের ছোঁয়া লেগেছে নিত্যপণ্যের বাজারে। শীত না এলেও এই মৌসুমের সবজির সরবরাহ বাড়ছে।

নতুন হিসেবে বরাবরের মতোই এসব সবজি বেশ চড়া দামে বিক্রি করতে দেখা গেছে। তবে, পুরনো সবজিগুলোর দাম খানিকটা কমতে শুরু করেছে।

নতুন সবজি হিসেবে এখন বাজারের প্রায় সব সবজির দোকানে ফুলকপি, বাধাকপি মুলা ও শিম পাওয়া যাচ্ছে। প্রতিটি ফুলকপি বাজারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দামে। একইভাবে বাজারে আসা প্রতিটি বাধাকপি আকারভেদে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে দেখা গেছে।

এসবের মধ্যে সবচেয়ে বেশি দাম নতুন আসা শিমের। নতুন শিমের স্বাদ নিতে ভোক্তাকে গুণতে হচ্ছে অন্তত ১২০ থেকে ১৬০ টাকা। যদিও এই দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা কম। এছাড়া মুলাও বিক্রি করতে দেখা গেছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।

সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, সপ্তাহ দুয়েক ধরেই ফুলকপি, বাধাকপি ও শিম বাজারে এসেছে। ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। এর সঙ্গে সঙ্গে দামও কমছে।

অন্যদিকে, পূজার ছুটির কারণে ক্রেতা কমায় অন্যান্য সবজির দাম কমেছে। লম্বা বেগুণ প্রতি কেজি সপ্তাহ দুয়েক আগেও ছিল ৯০ থেকে ১০০ টাকা। এখন তা বাজারভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। প্রতি কেজি পটল ও ঢ্যাঁড়সের দাম নেমেছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। এছাড়া, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে কেনা যাচ্ছে।

​অন্যদিকে চাল, ডাল, তেলসহ অন্যান্য পণ্যের দাম উচ্চমূল্যে আটকে আছে। গত এক সপ্তাহে এসব পণ্যের দামে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]