প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
(ভিজিট : ৭০)

ফ্রান্সের প্যারিসে সনাতন ধর্ম উন্নয়ন পরিষদের উদ্যোগে আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিসহ সকল ধর্ম ও জাতির মানুষের প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক পরিবেশনা ও অন্যান্য কর্মসূচিরও আয়োজন থাকবে।
অনুষ্ঠানের প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে New Mahal, 105 Avenue Jean-Jaurès, 93120 La Courneuve-এ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম-বর্ণ ও জাতীয়তার বিভেদ ভুলে সবাইকে এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সনাতন ধর্ম উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার দাস এবং সাধারণ সম্পাদক ময়না দেব অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
যোগাযোগ ও যাতায়াত: অনুষ্ঠানস্থলে মেট্রো লাইন-৭ (La Courneuve) এবং Tram-1 (Danton) ব্যবহার করে যাওয়া যাবে।