প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম
(ভিজিট : ১৩)
নিজাব নিয়ে কটাক্ষের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তাসনিম সিরাজ মাহবুব বিরুদ্ধে নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষের অভিযোগ পাওয়া গেছে।
অব্যাহতির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী। তিনি জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।
বিভাগীয় সভা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ জরুরি একাডেমিক কমিটির সভা হয়েছে।
সভায় অভিযোগ ও সাম্প্রতিক সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজল্যুশন নেওয়া হয়। এর ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, ‘অব্যাহতি দেওয়ার এখতিয়ার আমাদের নেই,আমরা দিতে পারি না। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের নেওয়া কোর্সটি তাৎক্ষণিকভাবে একাডেমিক কমিটির মাধ্যমে অন্য একজন শিক্ষককে দেওয়া হয়েছে।
তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তী সময়ে অব্যাহতি বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত তারাই নেবেন।’
অভিযোগটি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ড্রাফটের কাজ চলছে। দ্রুতই আমরা এটি পাঠিয়ে দেব।’