প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ এএম
(ভিজিট : ১৬)
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি থাকছে। তবে প্রতিষ্ঠান ও শিক্ষাস্তরভেদে ছুটির মেয়াদে পার্থক্য রয়েছে। সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি একসঙ্গে পড়ায় কোথাও পাঁচ দিন, আবার কোথাও টানা ১৬ দিন পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পৃথক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সরকারি ছুটি রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বিদ্যালয়ে টানা নয় দিনের বিরতি তৈরি হচ্ছে।
এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন বিদ্যালয়ে ছুটি থাকবে।
কলেজ ও উচ্চ মাধ্যমিক
কলেজ পর্যায়ে ছুটির মেয়াদ আরও বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাবেন।
মাদরাসা
মাদরাসা পর্যায়ে পূজার ছুটি তুলনামূলক কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।
এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা মোট পাঁচ দিনের বিরতি পাবেন।
বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটির সময় নির্ধারণ করবে। তাই বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির তারিখ ও মেয়াদ ভিন্ন হতে পারে। এ বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নোটিশ বা দাপ্তরিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।