প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম
(ভিজিট : ১০)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সোমবারের (৫ অক্টোবর) মধ্যে মামলা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আশ্বাস পেয়ে আপাতত কর্মসূচি থেকে ফিরেছেন সাংবাদিকরা। তবে হামলাকারীদের গ্রেপ্তারসহ দাবিগুলোতে অনড় রয়েছেন তারা।
রোববার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলা করতে হবে এবং আগামীকাল দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যাদের ছাত্রত্ব রয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে, তাদের সনদ বাতিলের দাবিও জানান তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
এ ছাড়া মামলা করার বিষয়টি নিশ্চিত করা এবং অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত রাতের মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান সাংবাদিকরা।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলার ঘটনায় সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হলে সাংবাদিকরা আপাতত কর্মসূচি থেকে ফিরে যান। প্রতিশ্রুতি অনুযায়ী মামলা করা না হলে পরবর্তী কর্মসূচি কী হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাংবাদিকরা।
হল প্রভোস্টের কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।