প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:০৪ পিএম
(ভিজিট : ১৭)
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউসিএসআই ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে শিক্ষক ও অতিথিদের শুভেচ্ছা জানান এবং সম্মানিত করেন শিক্ষার্থীরা। পরে সবাই মিলে কেক কাটেন।
উৎসবমুখর পরিবেশে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মেলবন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএল-এর চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ. এম. জহিরুল হক, প্রোভোস্ট মেজর সুমন সুবহান, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএনএম মেশকায়েত উদ্দিন।
বিভিন্ন অনুষদের পক্ষ থেকে বক্তব্য দেন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জে. মুনির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন এবং সোশাল সায়েন্সেস অ্যান্ড লিবারেল আর্টসের ডিন ড. জোহা রহমান।
বক্তারা বলেন, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীরা যেন ভালো ক্যারিয়ার গড়ার পাশাপাশি সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথাও উঠে আসে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে বলেন, ক্লাসরুম থেকে জীবনের বিভিন্ন পর্যায় পর্যন্ত শিক্ষকরা তাদের পাশে থেকেছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং নিজেদের সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখতে শিখিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস জোগানো এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষকদের অবদান ও ত্যাগ তারা আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ. এম. জহিরুল হক। বিশেষ অতিথি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএনএম মেশকায়েত উদ্দিনও বক্তব্য দেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় শিক্ষকদের উদ্দেশে সাংস্কৃতিক ও সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে কেক কেটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]