প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম
(ভিজিট : ৭)
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। তবে আজও আসিয়ান কাপের ম্যাচে শুরুটা ভালো হয়নি।
সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।
জাকার্তায় শুরু থেকেই দুই দল বল পজিশন নিয়ে খেলার চেষ্টা করলেও গোল পাওয়ার মতো তেমন কোনো আক্রমণ করতে পারেনি। ম্যাচে প্রথম কোনো ভালো আক্রমণ দেখা যায় ১৬ মিনিটে। মেহেদী হাসান শ্রাবণের দারুণ দক্ষতায় সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ইলহান ফান্দির শট কর্নারের বিনিময়ে সেভ করেন বাংলাদেশের গোলরক্ষক।
কুলিং বিরতির পর ম্যাচের ৩৩ মিনিটে এবার অবিশ্বাস্য এক সেভ দিয়েছেন শ্রাবণ। বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেই ফ্রি কিক থেকেই সিঙ্গাপুরের জ্যাকব উইলিয়ামের হেড ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল বাঁচান শ্রাবণ। ফিরতি সুযোগ অবশ্য পেয়েছিল প্রতিপক্ষ। তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।
সেই যাত্রায় বাঁচলেও ৩৫ মিনিটে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। ডান দিক থেকে সতীর্থর বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন হারহিস স্টুয়ার্ট। এবার দাঁড়িয়ে থেকে শুধু বলকে জালে জড়াতে দেখলেন শ্রাবণ।
২ মিনিট পর ব্যবধান আরো বাড়তে পারত। এবার ভাগ্যকে পাশে পেয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের শট ক্রসবারে লাগে। বিপরীতে বাংলাদেশ গোলমুখে শট নেওয়ার সুযোগই পায়নি। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল।