বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আসিয়ান কাপে কোনো দলকেই ভয় পাচ্ছে না বাংলাদেশ: হামজা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ এএম  (ভিজিট : ৬)
ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। শুক্রবার জাকার্তায় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল। ম্যাচের আগে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী জানিয়েছেন, কোনো প্রতিপক্ষকেই ভয় পাচ্ছে না বাংলাদেশ।

গত সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দেন হামজা। এরপর দলের সঙ্গে শেষ তিন দিন অনুশীলন করেছেন তিনি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য বড় সুযোগ। তাই যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করাই দলের লক্ষ্য।

২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা নিশ্চিতভাবেই একটি বড় সুযোগ। তাই আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা। কারণ আমরা কাউকে ভয় পেতে এখানে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।’

আসিয়ান কাপকে নিজেদের জন্য শেখার সুযোগ হিসেবেও দেখছেন হামজা। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য শেখার একটি প্রক্রিয়া। আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে চাই। দেশের মুখ উজ্জ্বল করতে আমরা এখানে এসেছি।’

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া নিয়েও কথা বলেন হামজা। স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্দোনেশিয়া র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে। দলটিতে মানসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি দক্ষ প্রধান কোচও রয়েছেন।

ইন্দোনেশিয়ার ফুটবল নিয়ে হামজা বলেন, ‘বিশেষ করে আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড়ে শক্ত অবস্থানে না থাকে, তবে আমি অবাক হব। দেশ হিসেবে আপনারা ফুটবলকে খুব গুরুত্ব দেন। আমার মনে হয়, তাদের অত্যন্ত ভালো একটি দল রয়েছে।’









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]