প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম
(ভিজিট : ১৩)
পিএইচডি ডিগ্রি অর্জনকারী এমপিওভুক্ত বেসরকারি কলেজের শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধা দেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান পর্যালোচনা করে সুপারিশসহ মতামত দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কলেজ পর্যায়ের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার দাবি জানিয়ে আবেদন করা হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে মাউশির মতামত চাওয়া হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশির মহাপরিচালককে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পিএইচডি ডিগ্রিধারী কলেজ শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার বিষয়ে বিদ্যমান বিধি-বিধান পর্যালোচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে সার্বিক বিষয় বিবেচনা করে সুপারিশসহ মতামত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষকরা এ বিষয়ে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আবেদন করেন। আবেদনে পিএইচডি ডিগ্রি অর্জনকারী বেসরকারি কলেজ শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার জন্য প্রজ্ঞাপন বা পরিপত্র জারির দাবি জানানো হয়।
শিক্ষকদের দাবি, সরকারি কলেজে কর্মরত শিক্ষকরা পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পেয়ে থাকেন। একইভাবে বেসরকারি এমপিওভুক্ত কলেজের শিক্ষকরা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে তাদের নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া উচিত।
এ বিষয়ে মাউশির মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।