প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম
(ভিজিট : ১৩)
শেরপুর শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব রোধ এবং সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
'ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন' প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন জনউদ্যোগের শেরপুর জেলা শাখা।
'ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট' (আইইডি) এবং 'বাংলাদেশ স্কাউটস, শেরপুর ডিস্ট্রিক্ট রোভার' ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি কবি রফিক মজিদ, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি শুরু হয়ে শহরের খরমপুর মোড়, রঘুনাথ বাজার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, বর্ষাকালে এবং বর্ষা-পরবর্তী সময়ে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হয়, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়ায়। এমতাবস্থায় নিজ নিজ বাসা-বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেজন্য সবাইকে ব্যক্তিগত পর্যায়ে সচেতন হতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও তরুণ স্কাউটদের এই সচেতনতামূলক অংশগ্রহণ মশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়। পরে,জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।