পাবনার ঈশ্বরদীতে দলীয় গ্রুপিং দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষ থেকে উপজেলা ও পৌর বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের রেলগেটস্থ অস্থায়ী কার্যালয় থেকে তৃণমূল বিএনপির পক্ষে এই কমিটি ঘোষণা করেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
সদ্য ঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দিন সেন্টু সরদারকে সদস্যসচিব করে ২৪ জনকে সদস্য রাখা হয়েছে। একইসঙ্গে পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. ইসলাম হোসেন জুয়েলকে আহ্বায়ক, সাতজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন জনিকে সদস্যসচিব করে ২২ জনকে সদস্য রাখা হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান খন্দকার মাসুদ দ্বিতীয়বারের মতো ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্যসচিব হিসেবে শরিফুল ইসলাম তুহিনকে, এবং পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মাহবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব হিসেবে ইমরুল কায়েস সুমনকে রেখে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন।
তৃণমূল বিএনপির নবগঠিত পৌর আহ্বায়ক মো. ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, হাবিবুর রহমান হাবিব মাত্র চারজনকে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন। এই আংশিক কমিটি বাতিলের দাবিতে সাংগঠনিকভাবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল এবং রাজপথে লাগাতার কর্মসূচি পালন করা হয়, এমনকি জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকাও দাহ করা হয়। তবু কমিটি বাতিল না হওয়ায় তৃণমূলের দাবির প্রেক্ষিতে তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন বলে জানান তিনি।
নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সাহাবুদ্দিন সেন্টু সরদার বলেন, একটি আহ্বায়ক কমিটির মেয়াদ সাধারণত তিন মাস হলেও হাবিবুর রহমান হাবিব কয়েক বছর ধরে আহ্বায়ক হিসেবে রয়েছেন। তাঁর দাবি, কমিটি গঠন ও অনুমোদনের ক্ষেত্রে হাবিবুর রহমান হাবিবের কোনো সাংগঠনিক বৈধতা নেই এবং তিনি বর্তমানে আহ্বায়ক হিসেবে সম্পূর্ণ অবৈধ। রাতের বেলা চারজনকে নিয়ে কমিটি ঘোষণা দিয়ে দলের চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন সেন্টু সরদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামে যাঁরা নির্যাতিত ও অত্যাচারিত হয়েছেন, রাজপথে রক্ত দিয়েছেন এবং হামলা-মামলার শিকার হয়ে পলাতক জীবন যাপন করেছেন, তাঁদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ দল হওয়া সত্ত্বেও দীর্ঘকাল পর গোপনে মাত্র চারজনকে নিয়ে দুটি কমিটি ঘোষণা করা হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। তৃণমূল নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতেই নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি, এবং আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, একাধিকবার দল থেকে বহিষ্কৃত এবং বর্তমানেও বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কমিটিকে অবৈধ বলার এখতিয়ার নেই এবং তাদের নিজেদের কমিটি গঠন বা ঘোষণা করার সাংগঠনিক অধিকারও নেই। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তাঁর ঘোষিত কমিটি অনুমোদিত হয়েছে বলে দাবি করেন তিনি।