সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে রগ কেটে দেওয়ার অভিযোগ
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৫০ পিএম  (ভিজিট : ১২)
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকান সংলগ্ন এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ঘটনাস্থলে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এসময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাকে বরিশালে প্রেরণ করেন। 

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেন ভুক্তভোগী যুবদল নেতা। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে অভিযুক্ত জিসানকে মারধর করেন রমিজ মৃধা। ওই ঘটনার জের ধরে রমিজ মৃধার ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ বলেন, তার হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য পরীক্ষা করে ধারণা করা হয়েছে তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাকে শেবাচিমে পাঠানো হয়েছে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]