প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩৩ পিএম
(ভিজিট : ৬৭)
চট্টগ্রামের চান্দগাঁওয়ে সড়কে ভাসমান ভ্যান বসানো ও চাঁদা আদায়ের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন যুবদল নেতা ফজলুল আমিন। শুক্রবার সকাল ১১টার দিকে চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আগে থেকেই ভাসমান ভ্যান বসানো নিয়ে বিরোধ ছিল। বৈঠকে নির্দিষ্ট স্থানে ভ্যান না বসানোর সিদ্ধান্ত হলেও শুক্রবার আবার সেখানে ভ্যান বসানো হয়। ফজলুল আমিন এতে বাধা দিলে মো. শাহজাহান ও তার ছেলে সিফাতের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তাকে ঘুষি মারা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
নিহত ফজলুল আমিন ছিলেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত শাহজাহান চট্টগ্রাম মহানগর বিএনপির এক সদস্যের অনুসারী বলে স্থানীয়ভাবে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে শাহজাহান (৪৫) ও তার ছেলে সিফাতসহ (২০) অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।