প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম
(ভিজিট : ২১)
গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরতে পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া কর্মশালায় পঞ্চগড়ের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৫৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু সাইম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন।
কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।