প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ পিএম
(ভিজিট : ৩২)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার ১২০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মোস্তাক আহমদ সবুজকে আহ্বায়ক এবং ডি এম মারুফ হাসান রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক লায়ন এ. এম. মুন্না চৌধুরী ও জোবাইরুল আলম মানিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে অন্য নেতাদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি গঠনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে লোহাগাড়ায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ, নতুন কর্মী অন্তর্ভুক্তি এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে এ কমিটি ভূমিকা রাখবে।
নতুন কমিটির আহ্বায়ক মোস্তাক আহমদ সবুজ বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিবেশ তৈরি করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।
সদস্য সচিব ডি এম মারুফ হাসান রিজভী বলেন, নতুন দায়িত্ব পালনে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। দলের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে লোহাগাড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা থাকবে।