প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১৭ পিএম
(ভিজিট : ১৪)
দক্ষিণ কোরিয়ার খিম্পু শহরে প্রবাসী মুসলিমদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের নতুন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে ‘মাসং মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’। রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খিম্পু শহরের থোংজিন এলাকার জোগাং সড়কের ৫২-৬ নম্বর ঠিকানার দ্বিতীয় তলায় প্রতিষ্ঠিত নতুন এই মসজিদটি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে বলে জানান স্থানীয় মুসল্লিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা শত শত মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানে মসজিদের মূল হল ও প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে দাঁড়িয়ে এবং মেঝেতে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।
অনুষ্ঠানে প্রখ্যাত আলেম, ইমাম ও ইসলামিক স্কলাররা উপস্থিত থেকে ধর্মীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন সংউরি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহাম্মদ ওমর ফারুক, খাল্পাই জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আরিফুল ইসলাম, ইজেন বাইতুল আমান মসজিদের ইমাম ও খতিব সাইয়েদ আল আমিন আজহারী, হোয়াসং বাইতুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদুল হাসান এবং মাসং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোরিয়া মুসলিম উম্মাহ (কেএমইউ)-এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ বান।
মাসং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। মসজিদটি উদ্বোধনকে ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন এই ইবাদতখানা চালু হওয়ায় খিম্পু ও আশপাশের এলাকায় বসবাসরত মুসলিমদের নামাজ, ধর্মীয় শিক্ষা ও অন্যান্য ইসলামিক কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় মুসলিমদের মতে, ‘মাসং মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ শুধু ইবাদতের স্থান হিসেবেই নয়, বরং প্রবাসী মুসলিমদের পারস্পরিক যোগাযোগ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে।