প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম
(ভিজিট : ৫০)
কানাইঘাটের গাছবাড়িতে হাসপাতাল নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে লন্ডন ও ফ্রান্সে বসবাসরত গাছবাড়িবাসীদের অংশগ্রহণে এক বিশেষ মিলনমেলা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় ফ্রান্সের অভেরভিলিয়ে (Aubervilliers)-এর ২৬ Rue du Moutier, 93300 Aubervilliers-এ অবস্থিত স্টুডিও ২৬ হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কানাইঘাটের গাছবাড়ি দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলিত। বিশেষ করে স্বাস্থ্যসেবায় এলাকাটি চরমভাবে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে লন্ডনপ্রবাসীদের অর্থায়ন এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের সহযোগিতায় গাছবাড়িতে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি নির্মাণের মাধ্যমে গাছবাড়ি ও আশপাশের এলাকার মানুষ আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, হাসপাতাল নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গাছবাড়ি উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন যুগে প্রবেশ করবে। দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকটাই দূর হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
হাসপাতাল নির্মাণ প্রকল্পকে সামনে রেখে লন্ডনে বসবাসরত গাছবাড়ি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ৬ সেপ্টেম্বর ফ্রান্স সফরে আসবেন। এ সময় তারা ফ্রান্সে বসবাসরত এলাকার নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। হাসপাতাল নির্মাণ প্রকল্পসহ গাছবাড়ির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
ফ্রান্সে বসবাসরত কানাইঘাটের সকল প্রবাসীদেরকে আগামী ৬ সেপ্টেম্বরের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একলাসুর রহমান এবং সদস্য সচিব অ্যাডভোকেট এবাদুর রহমান।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সম্পূর্ণ দল-মত ও পথের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করা হবে। এই মিলনমেলা ও মতবিনিময়ের মাধ্যমে গাছবাড়ির বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাসীদের ভূমিকা আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারিখ: ৬ সেপ্টেম্বর
সময়: বিকেল ৪টা
স্থান: স্টুডিও ২৬, ২৬ Rue du Moutier, 93300 Aubervilliers, France
গাছবাড়ির উন্নয়নে প্রবাসীদের সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে এই অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী সকল গাছবাড়িবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।