সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ফেডারেশনগুলোর জন্য ১,২৪৪ কোটি টাকার তহবিল, অনিয়মে ছাড় নয়
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:১১ পিএম  (ভিজিট : ৭)
দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে মোট ১ হাজার ২৪৪ কোটি টাকার প্রাতিষ্ঠানিক তহবিল বা সিড মানি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (১৬ আগস্ট) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে নবগঠিত ১৪টি ফেডারেশনের অ্যাডহক কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফেডারেশনগুলোকে দেওয়া অর্থ স্থায়ী তহবিল হিসেবে রাখা হবে। সেই অর্থ বিনিয়োগ করে যে আয় হবে, তার একটি বড় অংশ সংশ্লিষ্ট ফেডারেশনগুলো পাবে। এতে প্রতিবছর সরকারি অনুদানের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

আমিনুল হক বলেন, অনুমোদিত সিড মানি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফেডারেশনগুলোর মধ্যে সুষমভাবে ভাগ করে দেওয়া হবে। এ তহবিল থেকে অর্জিত বার্ষিক লভ্যাংশের ৭৫ শতাংশ সরাসরি সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে দেওয়া হবে।

ফেডারেশনগুলোর তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনে দল নির্বাচনে স্বজনপ্রীতি, বিদেশ সফরে অপ্রয়োজনীয় কর্মকর্তা পাঠানো এবং আর্থিক অনিয়মের মতো অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। দুর্নীতি কিংবা অনিয়মের সঙ্গে জড়িত কেউ প্রমাণসহ ধরা পড়লে শুধু সাংগঠনিক শাস্তির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকবে না। তাকে দেশের প্রচলিত কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে।’

ফেডারেশনগুলোর নিয়মিত কার্যক্রম, খেলাধুলার উন্নয়ন এবং খেলোয়াড়দের কল্যাণে লভ্যাংশের অর্থ ব্যয় করা হবে। ফুটবল, হকি, আর্চারি, শুটিংসহ বিভিন্ন ফেডারেশন নিজেদের প্রয়োজন অনুযায়ী এই অর্থ ব্যবহার করতে পারবে।

তবে পুরো লভ্যাংশ ফেডারেশনগুলোকে দেওয়া হবে না। মূল তহবিলের আকার ধীরে ধীরে বাড়াতে লভ্যাংশের ২৫ শতাংশ পুনরায় তহবিলে যোগ করা হবে।

ফেডারেশনগুলোর মধ্যে সমান হারে অর্থ বরাদ্দ করা হবে না। খেলার ধরন, ফেডারেশনের কার্যক্রমের পরিধি এবং প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন শ্রেণিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এখনও বরাদ্দের চূড়ান্ত হিসাব নির্ধারণ না হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায় ৫০ কোটি টাকা পেতে পারে বলে জানা গেছে। হকি ফেডারেশনও বড় অঙ্কের অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তহবিল অনুমোদনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনভিত্তিক বরাদ্দের পরিমাণ জানাবে।

এদিকে শুধু তহবিল পেলেই হবে না, ফেডারেশনগুলোকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমও নিশ্চিত করতে হবে। বছরে অন্তত চারটি জাতীয় প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব বাড়াতে দেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন অথবা বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছর অন্তত তিনটি আন্তর্জাতিক ইভেন্টে যুক্ত থাকার লক্ষ্যও দেওয়া হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]