প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম
(ভিজিট : ১৩)

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানের লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। কারণ, দ্বিতীয় ইনিংসে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা।
এর মধ্যেই এসেছে আরেকটি দুঃসংবাদ। ফিল্ডিংয়ের সময় মাথায় বলের আঘাতে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে খেলছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। এই মুহূর্তে জাকের আলী মেহেদী হাসান মিরাজের সঙ্গী হিসেবে ব্যাটিং করছেন।
মিরপুর টেস্টের বাকি অংশ থেকে মুমিনুলের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। এরপর তার মধ্যে কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার লক্ষণ দেখা দেয়। ম্যাচের বাকি সময় তার বদলি হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়েছে।’
প্রথম ইনিংসে ২ চারে ৫১ বলে ২৮ রান করেছিলেন মুমিনুল।