বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গ্লাসগো কমনওয়েলথ গেমস
সামান্য ব্যবধানে স্বপ্নভঙ্গ রাফি-কাজলের
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫১ পিএম  (ভিজিট : ২০)
গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে দারুণ লড়াই করেও ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও কাজল মিয়া। নিজ নিজ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখালেও টাইমিংয়ের ব্যবধানে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাদের। 

পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হিটে অংশ নেন সামিউল ইসলাম রাফি। শুরু থেকেই জমে ওঠা লড়াইয়ে তিনি ৫২.৪৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। মাত্র ০.০৩ সেকেন্ড এগিয়ে থেকে ৫২.৪৬ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হন সামোয়ার জে. স্টিকল্যান্ড।

একই হিটে পাকিস্তানের এইচ. আসিফ ৫৩.৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। হিটে দ্বিতীয় হলেও সামগ্রিক টাইমিংয়ের ভিত্তিতে দ্রুততম সাঁতারুদের তালিকায় জায়গা না পাওয়ায় ফাইনালে ওঠা হয়নি রাফির। অন্যদিকে, পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশের হয়ে অংশ নেন কাজল মিয়া। তিনি নিজের হিটে ২ মিনিট ১২.৫২ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন। 

এই ইভেন্টে হিটগুলো মিলিয়ে দ্রুততম আটজন সাঁতারু ফাইনালে জায়গা করে নেন। তবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করেও সেই তালিকায় জায়গা করে নিতে পারেননি কাজল। কাজলের হিটে অস্ট্রেলিয়ার এইচ. টার্নার ১ মিনিট ৫৬.৪৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। নিউজিল্যান্ডের এল. ক্লেয়ারবার্ট ১ মিনিট ৫৭.৩৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং কানাডার বি. লোয়েন ১ মিনিট ৫৮.৮৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। এর আগে ৪০০ মিটার ফ্রিস্টাইলে নিজের হিটে প্রথম হয়ে প্রশংসা কুড়িয়েছিলেন কাজল মিয়া। 

তবে দ্বিতীয় ইভেন্টে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। অন্যদিকে রাফিও নিজের ইভেন্টে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ফাইনালের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হন। ফাইনালে উঠতে না পারলেও গ্লাসগোর মঞ্চে দুই সাঁতারুর লড়াকু পারফরম্যান্স বাংলাদেশের সাঁতারে সম্ভাবনার নতুন বার্তা দিয়েছে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]