প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম
(ভিজিট : ১৩)
রিয়াল মাদ্রিদের নজর এখন ইউরোপের সবচেয়ে প্রতিভাবান তরুণ উইঙ্গারদের একজন ইয়ান দিয়োমান্ডের দিকে। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। আইভরি কোস্টের এই ফুটবলারের জন্য ইতোমধ্যেই ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
রিয়ালের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরবি লাইপজিগ। জার্মান ক্লাবটির দাবি, দিয়োমান্ডে বর্তমান বাজারমূল্য প্রায় ১৩০ মিলিয়ন ইউরো। রিয়ালের মতো ক্লাবের আগ্রহই প্রমাণ করে, ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দিয়োমান্দে।
মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, দিয়োমান্দের অনন্য দক্ষতাই মূলত রিয়ালকে আকৃষ্ট করেছে। ওয়ান-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার অসাধারণ সামর্থ্য রয়েছে তার। গতি, শক্তি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে ডিফেন্ডারদের জন্য তিনি বড় হুমকি হয়ে ওঠেন।
আধুনিক ফুটবলের অনেক উইঙ্গারের মতো শুধু একটি দিকেই সীমাবদ্ধ নন দিয়োমান্দে। ডান কিংবা বাঁ—দুই প্রান্তেই সমান খেলতে পারেন তিনি। প্রয়োজন হলে বাইরের দিক দিয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারেন, আবার ভেতরে কেটে এসে গোলের সুযোগও তৈরি করতে পারেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরির দক্ষতাও রয়েছে তার।
তার এই বহুমুখি প্রতিভা রিয়ালের প্রধান কোচ হোসে মরিনিয়োর কৌশলগত পরিকল্পনায় বড় সুবিধা এনে দিতে পারে। নির্দিষ্ট একটি পজিশনে আটকে না থেকে প্রতিপক্ষ ও ম্যাচ পরিকল্পনা অনুযায়ী আক্রমণভাগের বিভিন্ন জায়গায় খেলানো সম্ভব হবে তাকে।
মাত্র ১৯ বছর বয়সেই বুন্দেসলিগায় নিজের প্রথম পূর্ণ মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে রয়েছে ৮টি অ্যাসিস্ট। ইউরোপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে একজন তরুণ ফুটবলারের জন্য এই পরিসংখ্যানই তার সম্ভাবনার বড় প্রমাণ।
দিয়োমান্দের উত্থানও হয়েছে চোখে পড়ার মতো দ্রুততায়। গত গ্রীষ্মে ২ কোটি ইউরোতে লেগানেস ছেড়ে লাইপজিগে যোগ দেন তিনি। প্রথম মৌসুমেই নিজেকে বুন্দেসলিগার আক্রমণভাগের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন।
রিয়াল মাদ্রিদের পাশাপাশি প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি), লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালও দিয়োমান্দেকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে। ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের এই প্রতিযোগিতাই বলে দিচ্ছে, তাকে ভবিষ্যতের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে ভাবা হচ্ছে।