রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবা-মায়ের
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম  (ভিজিট : ১৫)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের সন্তানের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ দম্পতি। এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত ছেলেকে নিজ ঘর থেকেই আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে আটক হয়েছেন তাদের একমাত্র সন্তান রোমিও দাশ গুপ্ত (৪২)।

নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রোমিও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এর আগে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নেন। শনিবার সকালে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাইরে যান রোমিও। বেলা পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর আক্রমণ চালান তিনি।

স্ত্রীকে বাঁচাতে ছুটে যান বাবা স্বপন দাশ গুপ্ত, কিন্তু তাকেও এলোপাতাড়ি আঘাত করেন রোমিও। চিৎকার শুনে স্বজনেরা ছুটে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় দেখতে পান।

গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমিও দাশ গুপ্তকে নিজ ঘর থেকে আটক করে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]