ল্যাবরেটরিতে পরীক্ষা এবং মান সনদ গ্রহণ না করে পোল্ট্রি ফিড, ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে এসিআই গোদরেজ ও আফতাব ফিডকে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই অপরাধে লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিউজো ইন্ডাস্ট্রি লি. নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল নারায়ণগঞ্জ, রূপগঞ্জে বিএসটিআ’র মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। এছাড়া রাজধানীর বসিলা এবং হাজারীবাগ এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্টে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থাৎ আজ ৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার বিএসটিআই পরিচালিত অভিযানে দেখা যায়, নারায়ণগঞ্জের রুপগঞ্জে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড পোল্ট্রি ফিড ও ফিশ ফিডের অনুকূলে বিএসটিআইয়ের গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিলো। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নারায়ণগঞ্জের রুপগঞ্জে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লি. (Jiuzhou Industry Ltd.) পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার এন্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার এন্ড টয়লেট্রিজ প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কোম্পানির নামের সাথে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার (Lyzol, Hirpic এবং Vin) পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করে মিষ্টি, বিস্কুট, লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে ‘মিঠাই’ নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মান সনদ গ্রহণ ব্যতীরেকে মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করার অপরাধে অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, রাজধানীর বসিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং রাজধানীর হাজারীবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম। বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ রাকিবুল আলম, ফিল্ড অফিসার মোঃ রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন, সুমাইয়া আফরোজ লিজাসহ বিএসটিআই’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।