রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম  (ভিজিট : ৩৪)
অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের (আইএসআইএসসি) এন্টারপ্রাইজভিত্তিক প্রশিক্ষণ (ইবিটি) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণের পুনরাবৃত্তি রোধ, তথ্য যাচাই এবং সমন্বিত ডিজিটাল তথ্যব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আইএসআইএসসি–ইবিটি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা’র আয়োজন করে আইএসআইএসসি। অ্যাসেট প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ ছিল কর্মশালার উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বলেন, শুধু প্রশিক্ষণার্থীর সংখ্যা বৃদ্ধি নয়, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা, মূল্যায়নে সফলতা এবং কর্মসংস্থানই প্রকৃত সাফল্যের সূচক। একই প্রশিক্ষণার্থী যাতে একাধিক প্রকল্পে বারবার প্রশিক্ষণ না নেন এবং একই ধরনের প্রশিক্ষণের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রশিক্ষণার্থী নির্বাচনের আগে তথ্য যাচাই, প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য বিনিময় এবং সমন্বিত ডিজিটাল তথ্যব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে স্থানীয় ও জাতীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত বা পর্যাপ্ত প্রশিক্ষণ ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেখানে নতুন করে প্রশিক্ষণ শুরুর আগে চাহিদা মূল্যায়ন জরুরি।

কর্মশালায় সভাপতিত্বকারী আইএসআইএসসি চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন বলেন, অনানুষ্ঠানিক খাতের বিপুল জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা থাকলেও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও স্বীকৃত দক্ষতার সুযোগ সীমিত। এন্টারপ্রাইজভিত্তিক প্রশিক্ষণ সেই ব্যবধান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের আহ্বান জানান।

বিশেষ অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী মো. আবুল খায়ের মো. আক্কাস আলী বলেন, অনানুষ্ঠানিক খাতের প্রশিক্ষণ হলেও মানদণ্ড শিথিলের সুযোগ নেই। প্রশিক্ষণস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতি, নিরাপত্তা ব্যবস্থা, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের নিবন্ধন, উপস্থিতি, মূল্যায়ন ও কর্মসংস্থানের তথ্য নিয়মিত হালনাগাদ করার ওপরও তিনি গুরুত্ব দেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সামসুর রহমান খান চলমান প্রশিক্ষণ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন, নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ এবং আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অ্যাসেট প্রকল্পের পরিচালক প্রকৌশলী মীর জাহিদ হাসান বলেন, এন্টারপ্রাইজভিত্তিক প্রশিক্ষণের মূল লক্ষ্য বাস্তব কর্মপরিবেশে দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণ শেষে চাকরি, শিক্ষানবিশি বা স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এজন্য শুরু থেকেই সম্ভাব্য নিয়োগদাতা ও কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিত করার পরামর্শ দেন তিনি।

কর্মশালায় উপস্থাপিত অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ে ৫৫৯টি ব্যাচে ১৩ হাজার ৪১৬ জন প্রশিক্ষণার্থী ভর্তি হন। তাঁদের মধ্যে ১৩ হাজার ৩৬৩ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং ১১ হাজার ৭৩৬ জনের মূল্যায়ন শেষে ৯ হাজার ৭৯৮ জন সক্ষম ঘোষিত হয়েছেন। এ পর্যায়ে ৬ হাজার ৭৬০ জন কর্মসংস্থানে যুক্ত হয়েছেন।

তৃতীয় পর্যায়ে ১ হাজার ১৯৪টি সক্রিয় ব্যাচে ২৮ হাজার ৬৫৬ জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ হাজার ৬৮৮ জনের মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং ১৬ হাজার ৮১৯ জন সক্ষমতা অর্জন করেছেন। চতুর্থ পর্যায়ে ১ হাজার ৭৪০টি অনুমোদিত ব্যাচে ৪১ হাজার ৭৬০ জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৪ হাজার ৬৬৮ জনের মূল্যায়ন সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৪ হাজার ২১১ জন সক্ষম ঘোষিত হয়েছেন।

কর্মশালায় প্রশিক্ষণের অগ্রগতি, মূল্যায়ন, কর্মসংস্থান, তথ্য যাচাই, বিল পরিশোধ, প্রশিক্ষণের মান, নিরাপত্তা এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, অ্যাসেট প্রকল্প, আইএসআইএসসি, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশ নেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]