বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ইসলামের দাওয়াত দিতে যুক্তরাষ্ট্রে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৩৫ পিএম  (ভিজিট : ১১)
যুক্তরাষ্ট্র সফররত মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম ও সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.) এবং ওয়ার্ল্ড অব সুফিজ-এর প্রেসিডেন্ট ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারীর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবস্থিত বিশ্বখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত সম্পন্ন হয়েছে।

এই আধ্যাত্মিক সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বড় শাহজাদা সৈয়দ মেহবুবে মইনুদ্দীন আহমেদ আল হাসানী এবং মেজ শাহজাদা সৈয়দ মাশুকে মইনুদ্দীন আহমেদ আল হাসানী। এছাড়াও খলিফা কোরবান আলী, আনজুমান প্রতিনিধি রানা তালুকদার, যুক্তরাষ্ট্রে বসবাসরত মাইজভাণ্ডারী অনুসারী, স্থানীয় ভক্ত-অনুরাগী এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ জিয়ারতে অংশগ্রহণ করেন।

জিয়ারত উপলক্ষে মাজার প্রাঙ্গণে পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, মানবকল্যাণ এবং বিশ্বব্যাপী স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আধ্যাত্মিক জীবনচর্চা, আল্লাহর প্রেম, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহব্বত এবং আওলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত নসীহত প্রদান করেন।

পরে হযরত বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর অনুসারী ও আন্তর্জাতিক ফেলোশিপের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ, আন্তধর্মীয় সম্প্রীতি এবং মানবকল্যাণে সুফিবাদের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

সফরে বিশেষভাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সুহৃদ ড. আহমেদ মুহাইয়্যাদ্দীন। তিনি অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানিয়ে দুই আধ্যাত্মিক ধারার মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

জিয়ারত শেষে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমগ্র মানবজাতির শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]