বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


দিল্লির বিক্ষোভ নিয়ে কঙ্গনা : ‘সবাই ভীষণ আতঙ্কে ছিলাম’
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম  (ভিজিট : ৯)

পর্দায় তার সাহসী ও আপসহীন উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে বাস্তব জীবনের একটি ঘটনায় সহকর্মীদের নিয়ে চরম আতঙ্কের অভিজ্ঞতা পার করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সংসদ ভবন অভিযানের পর ভবনের ভেতরে তৈরি হওয়া থমথমে পরিস্থিতিতে অন্য সাংসদদের সঙ্গে তিনিও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবারে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় 'সিজেপি'। হাজার দশেক শিক্ষার্থী ও সমর্থক সেখানে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে এগোতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে। 

তারকা থেকে শুরু করে সমাজের একাংশ পুলিশের এই ভূমিকার সমালোচনা করলেও, নিজের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে উল্টো দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। সংসদের অধিবেশন চলাকালীন মূল ভবনের কাছাকাছি আন্দোলনকারীরা চলে এলে নিরাপত্তার স্বার্থে ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সে সময় সংসদের ভেতরে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা অবস্থান করছিলেন। ভেতরে নিরাপত্তারক্ষীদের দৌড়াদৌড়ি এবং বাইরের উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

সংবাদমাধ্যমের সামনে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে। সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের উপর হামলা চালাবে। দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন।’

সংসদ ভবনের বাইরের এই আন্দোলনকে উদ্দেশ্য করে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]