নাগরিকদের ঘরে বসেই নাগরিক সেবা পৌঁছে দিতে যাত্রা শুরু করল নতুন এক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিক সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই ‘ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস’ প্ল্যাটফর্মটি। চট্টগ্রামকে একটি স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের পথে এটিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছে সিটি কর্পোরেশন।
অ্যাপে কী কী সুবিধা থাকছে?
নতুন এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা এখন ঘরে বসেই ১০টি ক্যাটাগরিতে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। রাস্তাঘাটের সমস্যা, মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, নষ্ট সড়কবাতি, ড্রেনেজ সমস্যা, নোংরা পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা কিংবা জলাবদ্ধতা যেকোনো বিষয়ে ছবিসহ অভিযোগ জানানো যাবে সাথে সাথেই। বিশেষ সুবিধা হলো, অভিযোগের পর তার অগ্রগতি কতদূর, সেটাও ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে নাগরিকরা নিজেরাই দেখতে পারবেন।
এছাড়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম নিবন্ধনের আবেদন কিংবা রোড কাটিং পারমিশনের মতো গুরুত্বপূর্ণ কাজও এখন সারা যাবে ঘরে বসেই। জরুরি প্রয়োজনে এক ক্লিকেই জাতীয় জরুরি সেবার হটলাইনে কল করা যাবে, আর অ্যাপটি নিজে থেকেই ব্যবহারকারীর অবস্থান কর্তৃপক্ষকে জানিয়ে দেবে যা বিপদের মুহূর্তে হতে পারে জীবন রক্ষাকারী।
নিকটস্থ হাসপাতাল, থানা, পার্ক কিংবা গুরুত্বপূর্ণ সরকারি অফিসের অবস্থানও ম্যাপে খুঁজে পাওয়া যাবে সহজেই। থাকছে আবহাওয়ার হালনাগাদ তথ্য ও চসিকের বিশেষ ঘোষণাও। নাগরিক ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমাতে যুক্ত করা হয়েছে মেয়রের সাথে সরাসরি চ্যাট করার সুযোগও।
শুধু সাধারণ মানুষ নয়, চসিক কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতেও অ্যাপে রাখা হয়েছে ‘অফিসার ড্যাশবোর্ড’ ও ‘ওয়ার্ডভিত্তিক হিট ম্যাপ’, যার মাধ্যমে কোন এলাকায় কী সমস্যা বেশি হচ্ছে তা সহজেই বোঝা যাবে। প্রতিটি অভিযোগের বিপরীতে থাকবে স্বয়ংক্রিয় টিকিট নম্বরও।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই অ্যাপ নাগরিকদের নগর পরিচালনায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দেবে। তিনি স্বীকার করেন, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে ধাপে ধাপে সব সেবা চট্টগ্রামবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।