প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ এএম
(ভিজিট : ১৮)
চট্টগ্রামের খুলশীতে এক তালিকাভুক্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এতে খুলশী থানার ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন।
শুক্রবার ভোরে ওয়ারলেস-আমবাগান সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওয়াকিল হোসেন ওরফে বগা নামে খুলশী এলাকার ওই ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত এবং এলাকায় তার পোস্টার দেখা যায়।
খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, সম্প্রতি পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় বগা জড়িত ছিলেন। ভোরে তার বাসায় অভিযান চালাতে গেলে সড়কে ব্যারিকেড দিয়ে তার অনুসারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ওসির গাড়ির কাঁচ ভাঙে এবং তিনিসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
হামলাকারীদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে বগা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
এর আগে পাহাড়তলী কলেজের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে বগার বিরুদ্ধে। মিজানুর জানান, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে বগা লোহার রড দিয়ে পেটান এবং জোর করে স্বাক্ষর করিয়ে নেন। এ ঘটনায় তিনি অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, বগাসহ সাতজনের নামে মামলা করেছেন।