প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ এএম
(ভিজিট : ২০)
চট্টগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক রঙিন ও আনন্দময় মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী জন্মাষ্টমী ও উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানে সনাতনী অধিকারী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শুক্রবার সকালে আন্দরকিল্লা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। ঢাক-ঢোল, কাসর ও শঙ্খের আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। হাজার হাজার ভক্ত শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ ও লীলার পোশাক পরে, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সমান অধিকারের দাবি জানানো হয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে। আয়োজকরা বলেন, ধর্মের অবনতি ও অধর্মের প্রাবল্য দেখা দিলে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ধর্ম রক্ষা ও অধর্ম ধ্বংসের জন্য। তাঁর গীতা ও জীবনাদর্শ আজও মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়।
এই পবিত্র দিনে ঘরে ঘরে কৃষ্ণনাম সংকীর্তন চলছে। ভক্তরা প্রার্থনা করছেন যেন তাঁর কৃপায় সব অশুভ দূর হয় এবং বিশ্বে শান্তি, প্রেম ও ধর্ম প্রতিষ্ঠিত হয়।