প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
(ভিজিট : ৩১)
জেলার শেরপুরে গণধর্ষণের শিকার এক নারীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দুবলাগাড়ি গ্রামের মো. রায়হান (২৮) ও তাজপাড়া গ্রামের পারভেজ হাসান (২৬)। পারভেজ স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। মামলায় তাঁদের সঙ্গে আরও সাতজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী স্থানীয় একজন বাউলশিল্পী। শুক্রবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে দেখা করতে তিনি শেরপুর পৌরশহরের কলেজ রোড এলাকায় আসেন। পরে রায়হান তাঁকে চাচার বাসায় পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এরপর পৃথক দুটি স্থানে রায়হান ও পারভেজ তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। আরও কয়েকজন ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করেন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে শনিবার ভোরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার দুপুর সোয়া ২টার দিকে শেরপুর থানায় একটি গণধর্ষণের অভিযোগ এনে মামলা রুজু করা হয়েছে।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ঘটনায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আটককৃতদেরকে কাল রবিবার আদালতে পাঠানো হবে।