প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৫৮ পিএম
(ভিজিট : ১০)
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পয়োনিষ্কাশন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৬০টি পাইপ বিতরণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালাইয়া ইউনিয়নের আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপকারভোগীদের হাতে ৬০ ফুট দৈর্ঘ্য এবং ৮ ইঞ্চি ব্যাসবিশিষ্ট এসব পাইপ তুলে দেন।
অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জলাবদ্ধতা ও সুষ্ঠু পানি নিষ্কাশনের অভাবে দীর্ঘদিন ধরে কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন। সেই সমস্যা নিরসনেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে কালাইয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির পাম্প স্থাপন করা হয়েছে। গরুর হাটের প্রধান সড়ক সংস্কারের কাজ অনুমোদন দেওয়া হয়েছে। এখন বিভিন্ন ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য পাইপ সরবরাহ করা হচ্ছে। আগামী দিনেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতের উন্নয়নে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। কোনো এলাকার উন্নয়ন যেন রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মানুষের প্রয়োজনের ভিত্তিতে হয়—সেই নীতিতে সরকার ও জনপ্রতিনিধিরা কাজ করছেন। স্থানীয় জনগণের সহযোগিতা থাকলে কালাইয়া ইউনিয়নকে একটি আধুনিক ও পরিকল্পিত ইউনিয়নে রূপান্তর করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. হাসনাইন, কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ আলম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আলম, অ্যাডভোকেট আশরাফুজ্জামান শাকিলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন ও বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীরা।
এর আগে সকালে উপজেলার বিলবিলাস বাজার এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত একাধিক পানবরজ মালিকের খোঁজখবর নেন ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের আশ্বাস দেন।