রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না: চট্টগ্রামে নাহিদ ইসলাম
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:২০ পিএম  (ভিজিট : ৯)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না। এ বিষয়ে সংসদে বিষয়টি তুলে ধরে বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় নিশ্চিত করার চেষ্টা করা হবে।

আজ রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার এখনো পানিবন্দি। স্থানীয় বাসিন্দারা তাদের জানিয়েছেন, বেড়িবাঁধের কারণে এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধের জন্য বরাদ্দের কয়েক লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবারের বাজেটেও এ খাতে বরাদ্দ রাখা হয়েছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, এই বরাদ্দের এক টাকাও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হতে দেবো না।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বেড়িবাঁধের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করে দ্রুত মানুষের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হবে।

ত্রাণ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, দলের সক্ষমতা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে এবং এনসিপির নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে তিনি দেশের সব মানুষকে বন্যাকবলিত চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আনোয়ারা সফর শেষে এনসিপির শীর্ষ নেতারা বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]