রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


হামে শিশুর মৃত্যু: ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম  (ভিজিট : ১২)
হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেননি আদালত। অভিযোগের পক্ষে মামলা চালানোর মতো পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় আবেদনটি খারিজ করা হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক জানান, মামলা গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয়েছে।

এর আগে ৫ জুলাই হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে এ আবেদন করেন। সেদিন তার জবানবন্দি গ্রহণের পর আদেশ অপেক্ষমাণ রেখে ১২ জুলাই আদেশ ঘোষণার দিন ধার্য করা হয়।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে হামে আক্রান্ত হওয়ার পর সাউদা মুসকানকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাসেবা, অক্সিজেন ব্যবস্থাপনা ও রোগী পরিচর্যায় অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়।

এতে আরও দাবি করা হয়, শিশুদের টিকার সরবরাহ, সংগ্রহ ও প্রয়োগে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলার কারণে দেশে হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু ঘটেছে। সেই প্রেক্ষাপটে অভিযুক্তদের দায় নির্ধারণের আবেদন জানানো হলেও আদালত তা আমলে নেননি।

এর আগেও একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা একাধিক মামলার আবেদন আদালত খারিজ করেছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]