শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


উগ্রবাদী ‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম  (ভিজিট : ৪)
যশোর থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে (ফাতাহ কমব্যাট সিস্টেম) সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তাহসীন ইসলাম (১৯) নামের এক তরুণকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এ বি সিদ্দিক আসামি তাহসীনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান।
আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাহসীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আজ আসামি তাহসীনের পক্ষে কোনো জামিন আবেদন ছিল না।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিজ বাড়ি থেকে তাহসীনকে আটক করে। অভিযানের সময় তার ঘর তল্লাশি করে একটি চাপাতি ও তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, রাজধানীর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি ৩ নম্বর আসামি।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামের একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই।

আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘ফাতাহ কমব্যাট’-এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের চিহ্নিত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

জানা গেছে, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামের একটি সংগঠন মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করছে—এমন অভিযোগের তদন্ত চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়গুলো এখনো তদন্তাধীন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]