প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম
(ভিজিট : ৮)
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসের কারণে সৃষ্টি হওয়া মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা জাতীয়ভাবে তেমন গুরুত্ব পাচ্ছে না বলে আক্ষেপ করেছেন তিনি।
একই সঙ্গে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরফান লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই...! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!’
নিজের পোস্টে অতীতের দুর্যোগে চট্টগ্রামের মানুষের অবদানের কথাও স্মরণ করেন তিনি। ইরফান লেখেন, ‘কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল তা নিয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিল। আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নাই, কোনো আওয়াজ নাই।’
পোস্টের শেষাংশে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আপনি রহম করেন।’
শুধু ইরফান সাজ্জাদই নন, বন্যাদুর্গত মানুষের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তানজিম সাইয়ারা তটিনীও।সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই অভিনেত্রী।
তটিনী মনে করেন, সামর্থ্য অনুযায়ী এক প্যাকেট শুকনো খাবার কিংবা এক বোতল বিশুদ্ধ পানিও সংকটাপন্ন মানুষের জন্য বড় সহায়তা হতে পারে।
একই সঙ্গে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং অন্যদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।