প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম
(ভিজিট : ৬)
বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লির হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনাদারকে বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তার সাজা বহাল রাখার এই নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় রাজপাল যাদবের এই সাজা বহাল রাখেন দিল্লির হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। আদালত জানায়, দীর্ঘদিনের এই মামলাটি নিষ্পত্তির জন্য অভিনেতাকে একাধিকবার সুযোগ ও সময় দেওয়া হলেও তিনি অর্থ পরিশোধের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি।
রায়ে রাজপাল যাদবকে অভিযোগকারী সংস্থাকে বকেয়া অর্থ ও মামলার খরচ পরিশোধের পাশাপাশি তার স্ত্রী রাধা যাদবকেও ৫ লাখ ৫১ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণের জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তিনি সেই অর্থ সময়মতো ফেরত দিতে পারেননি, যার ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
এর আগে ২০১৮ সালে নিম্ন আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দিলেও উচ্চ আদালতে আপিলের পর তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে আদালতের মধ্যস্থতায় দুই দফায় তিনি ২ কোটি ২৫ লাখ রুপি পরিশোধ করলেও বাকি অর্থ বকেয়া থেকে যায়। শেষ পর্যন্ত আইনি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাকে আবারও তিন মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত হতে হলো।