প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম
(ভিজিট : ১৪)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ হয়েছেন এক যুবক। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম মো. সোলেমান (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে ভেসে আসা লাকড়ি কুড়াতে সোলেমান তার বড় ভাই আব্দুল হালিমের (৩০) সঙ্গে একটি ছোট ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে নামেন। এসময় নদীর প্রবল স্রোতের কবলে পড়ে হঠাৎ নৌকাটি উল্টে যায়। আশপাশে থাকা অন্যান্য লাকড়ি সংগ্রহকারীরা দ্রুত এগিয়ে এসে বড় ভাই হালিমকে উদ্ধার করতে সক্ষম হলেও সোলেমান চোখের পলকে তীব্র স্রোতে তলিয়ে যান। দুই ভাই-ই এলাকার বাসিন্দা বদিউল আলমের সন্তান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। দলনেতা জাহেদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শীঘ্রই একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার তৎপরতায় যুক্ত হচ্ছে।
সবশেষ জানা তথ্য অনুযায়ী, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান রয়েছে। তবে নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধার অভিযানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই মর্মান্তিক ঘটনায় নিখোঁজের পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।