শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে দুই পরিবর্তন
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিট : ৭)
চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। তাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজের পরিবর্তে ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। টি-টোয়েন্টি দলে তার জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

প্রায় চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন। সবশেষ ২০২১ সালের জুলাইয়ে এই সংস্করণে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। তবে শনিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি একাদশে থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে চোটের কারণে শুধু শেষ ওয়ানডেই নয়, পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন মুস্তাফিজ। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তিনি দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

মুস্তাফিজের বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে যাওয়ার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় এলপিএলে যোগ দেওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার।

এদিকে চোটে থাকা লিটন দাসের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে এর আগেই অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি দলে থাকা সাইফউদ্দিন-ইমনকে অবশ্য আগেভাগেই জিম্বাবুয়েতে উড়িয়ে নিয়েছিল বিসিবি।

সাইফউদ্দিনের অন্তর্ভুক্তি নিয়ে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন। একই সঙ্গে টি-টোয়েন্টি দলে মুস্তাফিজের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।’

আগামী ১১ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]